
ব্রাহ্মণবাড়িয়ার সদরে ট্রাকচাপায় মো. দুলাল মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ সময় মা ও মেয়েসহ আহত হয়েছেন চারজন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া ময়মনসিংহের দুবাউড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আহতরা হলেন: ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আখাউড়ার দিকে যাচ্ছিল। পথে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দুলাল মিয়া মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মন্তব্য করুন