
সোমবার (১৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তার দুই সহযোগীকে আটক করে যৌথ বাহিনী।
আটকরা হলেন: মাদারীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার (৪৭) তালুকদার, একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) ও মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)।
সেনাবাহিনী জানায়, মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়ার চরখাগদী এলাকার আকতার তালুকদার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী অভিযান চালানো হয়। এ সময় আকতার তালুকদারের বাড়ি ঘেরাও করে ফেলে তারা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে আকতার তালুকদারের বসতঘরের আলমারি থেকে ও বাড়ির ছাদসহ বিভিন্ন যায়গায় তল্লাশি চালিয়ে ৭ হাজার ৪১ পিস ইয়াবা, সময় নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। একই সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে শেষ হয় অভিযান। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। পরে সদর মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চলবে।
মন্তব্য করুন