
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ আটক ১
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সামরুল হক , জামালপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মোঃ সেরাজুল ইসলাম (৪১)কে আটক করা হয়। তিনি মোঃ সাজেমান আলী ওরফে রবিউলের ছেলে।
অভিযান চলাকালে তার দেহ তল্লাশি করে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যাতে তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পায় এবং এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে।
মন্তব্য করুন