
রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে পুলিশ লাইন্স মোড়স্থ একটি বেকারীর দোকান থেকে তাদের আটক করা হয়।
এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।
রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষায় পাস করিয়ে দিতে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল। পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারীতে ওই চক্রের সাথে এক প্রার্থীর যোগাযোগের কথা ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, কানের ভেতরে রাখা যায় এমন ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে এ চক্রের সদস্যরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র পেয়ে চক্রের অন্য সদস্যরা একটি অভিজ্ঞ দলের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর সমাধান করে তা সংশ্লিষ্ট প্রার্থীকে তার কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে জানিয়ে দেয়।
আটকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে এবং এ চক্রের সাথে জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মন্তব্য করুন