
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
বকশীগঞ্জ (জামালপুর), প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে আজ (২১-০১-২০২৬) ইং তারিখে সন্ধ্যায় মতবিনিময় সভা করেছেন , জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব নাজমুল হক সাঈদী।
আজ সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার এনসিপি আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান প্রামানিক ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় জনাব নাজমুল হক সাঈদী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচিত হলে তিনি জামালপুর-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে মাদকমুক্ত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
মতবিনিময়কালে তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন, প্রচারণা কৌশল, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
শেষে জনাব নাজমুল হক সাঈদী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন
মন্তব্য করুন