
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জামালপুর সফরকে ঘিরে বকশীগঞ্জে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ ইং) বাদ মাগরিব নামাজের পর বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি আনুষ্ঠানিকভাবে বের হয়। শুরু থেকেই মিছিলটি ছিল সুশৃঙ্খল ও সংগঠিত। অংশগ্রহণকারীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে এগিয়ে যান। মিছিলটি বকশীগঞ্জ পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ পৌর সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী। তার নেতৃত্বে নেতাকর্মীরা স্বাগত মিছিলকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পৌর শ্রমিক কল্যাণ বিভাগের সহ-সভাপতি গোলাপ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি ইমাম হোসাইন, হুমায়ূন, এহসানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জামালপুরে আমীরের আগমনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ স্বাগত মিছিল সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির প্রতিফলন।
মিছিলটি চলাকালীন সময়ে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। স্থানীয় পর্যায়ে এ আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন