
জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনা জেলার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোসহ দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে এ ঘটনা ঘটে।
এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতে স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ‘শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টানানো হয়।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ‘এতদিন দেশে গণতান্ত্রিক সরকার ছিল না, তাই দলীয় কার্যালয়ে যেতে পারেননি নেতা-কর্মীরা। এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।’
মন্তব্য করুন