
নরসিংদীর মনোহরদীতে আল আমিন (২৯) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত আল আমিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ১১টার দিকে ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে নিহতের পরিচয় শনাক্ত করে। প্রাথমিক ধারণা—অটোরিকশা চুরির উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





















