
শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। এই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে সালাহউদ্দিন এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের এই জাতি যেন জানে-গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই জাতি কখনো করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন।’
আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।’
তিনি বলেন, ‘দেশের শতকরা ৯২ ভাগ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করা হয়েছিল এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সংবিধান থেকে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিষয়টি বিলুপ্ত করে দেয়; যা আপনারা সবাই জানেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি তার ভাগ্যে জুটেছে-আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ করে, তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ও প্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতি মূল্যায়ন করে।’
রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন