
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার সকালে কোটালীপাড়ায় পৌঁছায় ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে গোপালগঞ্জে এ প্রচারণা কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত।
সকালে ‘ভোটের গাড়ি’ কোটালীপাড়ার উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বিকাল ৪টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।
গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয়।
মন্তব্য করুন