
চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের সঙ্গে তখন অনেকেই হাত মিলিয়েছিলেন। আজ যারা ধর্মের রাজনীতি করেন, তারাও তখন স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া কখনো হাত মেলাননি, আপস করেননি। এক-এগারোর সময়েও অনেকে আপস করলেও তিনি করেননি।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাঁকে নানা লোভ দেখিয়েছে, আমাদেরও লোভ দেখানো হয়েছে, কিন্তু তিনি আপস করেননি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
আমীর খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাটিয়েছেন। জীবনের মাত্র ২৫ শতাংশ সময় তিনি ক্ষমতায় ছিলেন, আর বাকি ৭৫ শতাংশ সময় আন্দোলন-সংগ্রাম করেছেন।
নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন—তবু কখনো আপস করেননি। এই গণতন্ত্র আমাদের ধরে রাখতে হবে। মানুষের অধিকার, নারীদের অধিকার রক্ষা করতে হবে। তিনি নারীদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন।
তিনি আরও বলেন, আমি যখন কারাগারে ছিলাম, তখন আমার কাছেও লোক পাঠিয়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকেই আপসহীনতার শিক্ষা পেয়েছি। তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন।
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়াসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন