
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি (শুক্রবার) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।
গতবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি ‘অ’ ও ‘ঈ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের পরীক্ষা দুটি শিফটে নেওয়া হবে—বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘অ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘ই’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘ঈ’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহণ ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং আইসিটি সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম।
মন্তব্য করুন