
জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় দেড় বছর আগে মারা যাওয়া এক মাদরাসা শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনি দায়িত্ব পালনের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পাঠানো তালিকার ২৮০ নম্বর ক্রমিকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয় আব্দুল করিমের নাম।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল করিম চর মাগুরীহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার সুপার মো. শফিউল আলম।
মৃত ব্যক্তির নামে নির্বাচনি দায়িত্ব দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই নির্বাচন অফিসের তথ্য হালনাগাদ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “কারিগরি ত্রুটির কারণে মৃত ব্যক্তির নাম সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। তালিকা সংশোধন করে তার নাম বাদ দেওয়া হবে।”
ঘটনাটি নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য যাচাইয়ের গুরুত্ব নতুন করে সামনে এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন