
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জার্মান দূতাবাস। এক শোকবার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। জার্মানি তার সঙ্গে বিভিন্ন সময়ে উচ্চপর্যায়ের বৈঠক ও যোগাযোগের বিষয়টি স্মরণ করেছে।
এরমধ্যে ২০০৪ সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোশকা ফিশারের সফরকালীন সাক্ষাৎ এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের রাষ্ট্রীয় সফরের সময় বৈঠকের কথা তুলে ধরা হয়। এছাড়া জার্মানির সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে তার একাধিক বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে।
শোকের এই সময়ে জার্মানি খালেদা জিয়ার পরিবার, তার দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন