
বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন।
১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে কখনো কোনো আসনে পরাজয়ের মুখ দেখেননি তিনি।
এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি সে সময়ও যতটি আসনে প্রার্থী হয়েছিলেন সবগুলোতেই জয় লাভ করেছিলেন খালেদা জিয়া।
এই পাঁচটি সংসদ নির্বাচনে ২৩ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকটিতেই জয় লাভ করেন তিনি।
ফেনী, বগুড়া, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, লক্ষীপুরের বিভিন্ন আসন রয়েছে এই তালিকায়।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে সদ্য প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চার দশকের পথচলায় যেমন ছিল ক্ষমতার উত্থান ও পতন, কারাবাসেসর ইতিহাস রয়েছে, তেমনি ছিল প্রবল রাজনৈতিক বৈরিতাও।
প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত যেমন: দশম শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা, ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু, সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনসহ নানা পদক্ষেপ তাকে অন্যদের চেয়ে পৃথক করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তেমনি তার মেয়াদে জঙ্গি উত্থান, দুর্নীতির শীর্ষস্থানে থাকা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বেশ কিছু ঘটনা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল খালেদা জিয়াকে।
মন্তব্য করুন